বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে আছে শ্রীলঙ্কা। তাদের সামনে সুযোগ কলম্বো টেস্ট জিতে পুরো ১২০ পয়েন্টেরই মালিক হয়ে যাওয়া; যেটা লম্বা সিরিজ খেলা যে কোনো দলের জন্য প্রায় অসম্ভব। কিন্তু সেই কলম্বো টেস্টের প্রথম দিনেই অস্বস্তিতে পড়েছে স্বাগতিক লঙ্কানরা।
প্রথম দিনে মাত্র ৩৬.৩ ওভার খেলা হতে পেরেছে। বৃষ্টিতে থেমে থেমে এই খেলাটুকু হয়েছে। তার মাঝেই ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে লঙ্কানরা।
খেলার শুরুতেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে লাহিরু থিরিমান্নের উইকেট। তিনি ৩৫ বলে ২ রান করে সমারভিলের শিকারে পরিণত হন। এরপর ভালো চলছিল দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের জুটি। কিন্তু দিনের একেবারে শেষ প্রান্তে এসে কুশল আউট হয়ে যান। তিনি ৭০ বলে ৩২ রান করে গ্র্যান্ডহোমের শিকার হন।
তবে শ্রীলঙ্কার ভরসা হয়ে উইকেটে আছেন করুণারত্নে। আগের টেস্টে এই অধিনায়কের অসাধারণ এক সেঞ্চুরিতে ভর করে জয় পেয়েছে লঙ্কানরা। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার হয়ে ১২২ রানের ইনিংস খেলেছিলেন করুণারত্নে। এই টেস্টেও বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছেন তিনি।
১০০ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন অধিনায়ক। এখন পর্যন্ত করুণারত্নের অধিনায়কত্বে সব ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।
