জাতীয় দলের অনুশীলন আগামীকাল শুরু

ডাক পেলেন হিমেল

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:১১

জাতীয় ফুটবল প্রাথমিক দলের অনুশীলন আগামীকাল কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে। প্রথমবার ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। তখন বলা হয়েছিল পারফরম্যান্স দেখেই ডাকা হয়েছে। বুধবার রাতে প্রাথমিক দলের তালিকা পুনরায় ঘোষণা করা হয়। আগের তালিকায় যারা ছিলেন তাদের রেখে গোলকিপার মাজহারুল ইসলাম হিমেলকে ডাকা হয়েছে।

সব মিলিয়ে প্রাথমিক দলটা এখন ২৬ জনের। কোচ জেমি ডে আগামীকাল অনুশীলন শুরু করবেন। ২৩ জনের দল তাজিকিস্তান যাওয়ার কথা রয়েছে। সেখানে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর আগামী ১০ সেপ্টেম্বর প্রথম খেলায় বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হবে। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাইয়ের খেলা এটি। আফগানিস্তান তাদের দেশে ভেন্যু করতে পারেনি বলে ১০ সেপ্টেম্বরের ম্যাচটি তাজিকিস্তানের মাঠে ভেন্যু করেছে। বাংলাদেশ আফগানিস্তান ফিরতি ম্যাচটি হবে মার্চে ঢাকায়।