দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি ১০ নারী।
শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান। এর আগে শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা নারীদের বাড়ি দেশের বিভিন্ন জেলা শহরে।
ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে পাঁচ বছর আগে বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে যান ওই নারীরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠান।
ওসি আরও জানান, দীর্ঘদিন কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
