একটি ক্ষমতা ভাগাভাগি চুক্তির রূপরেখা তৈরি হচ্ছে, যার অধীনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম দুই বছর পরবর্তী সরকার পরিচালনায় থাকবেন এবং পরবর্তীতে রাজনীতি থেকে অবসর গ্রহণ ও চলমান দুর্নীতি মামলায় পূর্ণাঙ্গ ক্ষমা পাওয়ার শর্তে বিরোধী দলীয় নেতা গাডি আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চ্যানেল ১৪ এর বরাতে মিডল ইস্ট আই জানায়, রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ বর্তমানে প্রস্তাবিত এই ব্যবস্থাটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা মঙ্গলবারের অনিশ্চিত সংসদীয় নির্বাচনের পর সরকার গঠনের পথ সহজ করতে পারে।
চ্যানেল ১৪ দাবি করেছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নির্বাচনের প্রচারণা এবং ফলাফল ঘোষণার অনেক আগে থেকেই গত দুই বছর ধরে এই চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন। বিদ্যমান আসন সংখ্যা অপরিবর্তিত থাকলে এই প্রস্তাবটি একটি বাস্তবমুখী বিকল্প হতে পারে বলে চ্যানেলটি উল্লেখ করেছে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ অব্যাহত রাখতে নেতানিয়াহু প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকার বিষয়ে জোর দেবেন।
তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই প্রতিবেদনটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘এটি কখনোই ঘটেনি। সরকার গঠনের দায়িত্ব অর্পণের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো অনুমানের সঙ্গে আমরা যুক্ত নই।’
বুধবার সন্ধ্যায় প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে এবং ইয়াশার পার্টির নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে চ্যানেল ১২-এর তথ্যানুযায়ী ফিলিস্তিনি বা আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। এর ফলে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই এককভাবে প্রয়োজনীয় ৬১টি আসন পূর্ণ করতে পারেনি।
সৈনিক, বন্দি, কূটনীতিক ও চিকিৎসাধীন ভোটারদের বিশেষ ভোট গণনা এখনও চলমান রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭.৭ শতাংশ, যা ২০২২ সালের নির্বাচনের চেয়ে ৭.১ শতাংশ বেশি এবং ১৯৯৯ সালের পর থেকে সর্বোচ্চ।
উল্লেখ্য নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বছরের পর বছর ধরে দুর্নীতি মামলায় বিচারাধীন রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ২০২২ সালের শেষ থেকে ইসরায়েলের ইতিহাসের তীব্রতম চরম ডানপন্থী সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন।
সূত্র: মিডক ইস্ট আই
