রেলের টিকিট পাবেন ফটোকপির দোকানে: সাবেক অতিরিক্ত সচিব

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৩:৪৫

রেলের টিকিট ফটোকপি ও স্টেশনারি দোকানেও পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলন। 

তার দাবি, রাজধানীর শ্যামলীতে তার বাসার পাশের একটি দোকানে রেলের টিকিট পাওয়া গেছে। অনলাইনে টিকিট বিক্রির স্বচ্ছতা ও কালোবাজারি নিয়ন্ত্রণ নিয়ে রেলমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি এ অভিযোগ করেন।

রোববার (১ নভেম্বর) স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন মাহবুব কবীর মিলন।

তিনি লেখেন, ‘রেলের টিকিট পাবেন ফটোকপির দোকানে। স্টেশনারি দোকানে। একটা পাওয়া গেছে আমার বাসার পাশেই শ্যামলীতে (টিভি রিপোর্টিং কমেন্টে)। অন্য সব এলাকাতেই আছে নিশ্চয়ই। সবাই নিজ নিজ এলাকায় খুঁজে নিয়েন।’

পোস্টে তিনি লেখেন, ‘অনলাইনে টিকিট বিক্রি প্রসঙ্গে রেলমন্ত্রী মহোদয় বলেছেন, আমলে নেওয়ার মতো অভিযোগ প্রমাণিত হয়নি। 

অনলাইনে টিকিট বিক্রি স্বচ্ছতা প্রসঙ্গে রেলপথ মন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে তদন্ত করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর সত্যিকার অর্থে আমলে নেওয়ার মতো অভিযোগ আমাদের কাছে প্রমাণিত হয়নি। সব ফকফকা।’

‘উনি ঠিক বলেছেন এক অর্থে। অনলাইনে যে আগে ঢুকবে, সেই টিকিট পাবে। পেয়ে কালোবাজারিতে বিক্রি করে দেবে। এভাবেই দোকানে দোকানে টিকিট পাওয়া যায় বেশি দামে। এটা ঠেকাবার চুল পরিমাণ যোগ্যতা রেলের নেই।’

মাহবুব কবির মিলন লেখেন, ‘মন্ত্রী মহোদয়দের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে, টিকিট ইস্যুতে কোনো সমস্যা নেই। সার্ভারে ম্যানিউপুলেশন হয় না। দশ হাজার সন্দেহজনক মোবাইল বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সব ফকফকা। কোনো কালোবাজারি নেই দেশে। মন্ত্রী খুশি। রেল খুশি। সরকার খুশি। মন্ত্রণালয় খুশি। দোকানদারেরা খুশি। কালোবাজারি খুশি। মরুক মফিজ জনগণ।’

ইত্তেফাক/পিএস