আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার 

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। পাঁচ দল নিয়ে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড্রাফটের আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্লেয়ার্স ড্রাফটের সর্বোচ্চ দুটি ক্যাটাগরি—প্লাটিনাম ও ডায়মন্ডের বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্লাটিনাম ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৫ জন ক্রিকেটার। তারা হলেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও রিশাদ হোসেন। এই ক্যাটাগরিতে তাদের জায়গা পেয়েছেন বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো ক্রিকেটাররা।

Shakib Al Hasan celebrates Rohit Sharma's wicket, Bangladesh vs India, Super Eight, T20 World Cup, Antigua, June 22, 2024

অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসানসহ আরও ৫ টাইগার ক্রিকেটার। এই তালিকার অন্য বাংলাদেশি ক্রিকেটার হলেন—তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও লিটন দাস। একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি।

ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া। পাঁচ দলের অধিনায়ক হিসেবে থাকবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।

ইত্তেফাক/জেডএইচ