আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাত্র ৫৬ ওভার এক বল স্থায়ী হলো পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। দিনের খেলা তখন মাত্র ২২.৫ ওভার বাকি। পাকিস্তানি ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিলে নিঃসন্দেহে ম্যাচটা ড্র করে বের করে আনা যেত। কিন্তু, দলটার নাম যে পাকিস্তান! তাই, অলআউট হওয়ার আগে করে ১৫৬ রান।
পাকিস্তান হারলো ১২৩ রানের বিশাল ব্যবধানে। এর ফলে, তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতে গেল সফরকারী নিউজিল্যান্ড দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে ছিল সমতা।
আলাদা করে বলতে হচ্ছে মোহাম্মদ হাফিজের কথা। ম্যাচ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন আর টেস্ট ক্রিকেট খেলবেন না। কিন্তু নিজের শেষ টেস্ট ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারলেন না পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরে, দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে কেবল ৮ রান।
হাফিজ আউট হওয়ার পরে অল্পতেই থেমেছেন আজহার আলিও। শুধু হাফিজ বা আজহারই নয়, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একমাত্র ব্যাটসম্যান বাবর আজমই কেবল বলার মতো ইনিংস খেলতে পেরেছেন। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া অধিনায়ক সরফরাজ আহমেদ ২৮ ও ইমাম উল হক ২২ রান করেন। এছাড়া আর বিলাল আসিফের ১২ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটসম্যানের ইনিংসই দুই অঙ্ক ছুঁতে পারেনি। ফলে, ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবুধাবিতে পঞ্চম দিনে ১৫৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
পাকিস্তানের ইনিংসে ধস নামান তিন ব্ল্যাক ক্যাপ বোলার। তারা হলেন টিম সাউদি, আজাজ প্যাটেল ও উইলিয়াম সামারভিল। এরা প্রত্যেকেই পেয়েছেন তিনটি করে উইকেট। অপর উইকেটটি নেন কলিন ডি গ্র্যান্ডহোম।
