হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে যুবককে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৫:৩৯

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সকালে কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশের একটি ধানখেত থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সকালে স্থানীয়রা তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। তবে কারা তাকে এভাবে নির্যাতন করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

 
ইত্তেফাক/এমএএম