ইরানের ভূখণ্ডে নতুন করে সামরিক আগ্রাসন চালানোর সম্ভাবনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। মস্কোর মতে, নতুন হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে রুশ সরকার।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ওয়াশিংটনের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাখারোভা উল্লেখ করেন, সাম্প্রতিক মাসগুলোর সামরিক অভিযানের ট্র্যাজিক অভিজ্ঞতা এটা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে ইরানে কেবল মৃত্যু আর ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার অটল সংকল্পকে টলানো সম্ভব নয়। যাঁরা আজ আবারও তেহরানের ওপর নতুন করে সামরিক হামলার হুমকি দিচ্ছেন, তাঁদের এই বাস্তবতাকে বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সংঘাত সমাধানের উপায় হিসেবে সামরিক পদক্ষেপের পরিবর্তে জোর কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্ব দেন মুখপাত্র। তিনি জানান, এই মুহূর্তে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় নিয়োজিত মধ্যস্থতাকারীদের সর্বাত্মক সহায়তা প্রদান করা সবচেয়ে জরুরি। মস্কো সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করতে এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য নৌপথ হরমুজ প্রণালির প্রসঙ্গ টেনে জাখারোভা বলেন, রাশিয়া আশা করে জলপথটিতে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে। তবে এ ক্ষেত্রে প্রণালিসংলগ্ন উপকূলীয় দেশগুলোর বৈধ স্বার্থের পাশাপাশি বিশ্ব অর্থনীতির স্বার্থে যারা এই নৌপথ নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবহার করতে চায়, তাদের অধিকারকেও বিবেচনায় রাখতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, এই অধিকার ও স্বার্থের বিষয়টি ইরানের জন্যও একইভাবে প্রযোজ্য; কারণ দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের শিকার হয়ে আসছে।
