শাহজাদপুরে ব্যবসায়ীর সন্তানসহ স্ত্রী ৮ দিনেও উদ্ধার হয়নি

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:৫৪

শাহজাদপুর উপজেলার পৌর এলাকার চুনিয়াখালিপাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী আল মুবিন জনের স্ত্রী রুমকি ও একমাত্র মেয়ে জাহরা (৩) গত আট দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ঐ ব্যবসায়ী গত শনিবার রাতে থানায় একটি জিডি করেছেন। মুবিন জন জানান, গত ১৫ আগস্ট ঈদ উপলক্ষ্যে উপজেলার ভেরুয়াদহ গ্রামে খালার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তার স্ত্রী। এরপর থেকেই তারা নিখোঁজ। নিখোঁজ রুমকির মা জানান, নিখোঁজের দুই ঘণ্টা পর বগুড়া থেকে বুলবুল তালুকদার নামে এক যুবক আমার বোনের কাছে ফোন দিয়ে জানান, তারা তার হেফাজতে আছে। এরপর থেকে ঐ ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। মুবিন জন বলেন, তার ধারণা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে ঐ অপরিচিত যুবক তার স্ত্রী ও কন্যাকে অপহরণ করে গোপন স্থানে আটকে রেখেছেন। দ্রুত তাদের উদ্ধার করতে না পারলে তাদের হত্যার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি  অতি দ্রুত তাদের উদ্ধারে সক্ষম হব।