বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর দাবি

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:৫৬

জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব এখন শুধু কোনো দেশ বা জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নয়। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর অস্তিত্ব আজ হুমকির মুখে। তাই দায়িত্বশীলদের উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর বায়ুমণ্ডলের কার্বণ নিঃসরণের মাত্রা কমানোর ব্যর্থতার প্রতিবাদ জানিয়েছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি আবাহনী খেলার মাঠের সামনে ‘বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা কমাও’ শীর্ষক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।        

অবস্থান কর্মসূচিতে সভা-প্রধানের বক্তব্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি বলেন, জলবায়ু বিপর্যয়ের বিষয়টি আমরা এখন আর অবহেলা করতে পারি না। গুটিকয়েক উন্নত দেশেগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের দায় সারা পৃথিবীর প্রাণ-প্রকৃতিকে হুমকির মধ্য ফেলছে। উন্নত বিশ্বের কাছে শুধু ক্ষতিপূরণ নয় এখন আমাদের দাবি একটাই বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে। বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ুর বিপর্যয় স্বীকার করে, এখনই জলবায়ু বিপর্যয়জনিত জরুরি অবস্থা ঘোষণা করতে হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল সাকিব বলেন, আমরা চাই যে সকল দেশ অধিক কার্বন নিঃসরণ করছে, তারা এর ব্যবহার কমিয়ে নিয়ে আসবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরনাহার তনিমা বলেন, আমরা এখনই যদি দেশগুলোকে তাদের কার্বনের মাত্রা কমাতে বাধ্য না করি তবে ভবিষ্যত্ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী রেখে যেতে পারব না। 

ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, দৃষ্টিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।