তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবই জানতেন। ফলে এ হত্যাকাণ্ডের বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবাষির্কী পালন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, তারেক রহমানের প্ররোচনায় এই হামলা হয়।
হাছান মাহমুদ বলেন, সেই সময়ে ডিজিএফআই এ ঘটনার তদন্ত করতে চেয়েছিল, বেগম জিয়া তাদেরকে তদন্ত করতে দেননি। ধমক দিয়ে থামিয়ে দেন। তথ্যমন্ত্রী বলেন, গ্রেনেড হামলার পর হামলাকারীরা যাতে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, সে জন্য পুলিশ এ ঘটনায় হতাহতদের উদ্ধার না করে বরং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। ড. হাছান বলেন, সে সময়ে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি নেতা রিজভীর উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য তাকে আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূইয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। যশোর সরকারি কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আবদুল আজিজ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিশেষজ্ঞ সেমিনারে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
