ঠাকুরগাঁওয়ে দুই বাসের মধ্যে সংঘর্ষে চার জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। এছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিন জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের মধ্যে সংঘর্ষে চার জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐ ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর ডেনিস হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজু এন্টারপ্রাইজ বাসের চালক বাবুল (২০), যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও শহরের আশ্রমপাড়া এলাকার মজিবর রহমান (৬০)। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর ডেনিস এলাকায় পৌঁছলে সোনার বাংলা পরিবহন ওভারটেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের চালক ও একজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরো দুই জন মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান।
মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নোয়াপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে কাসেম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত জোনায়েদ মিয়া ও সোহেল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে নোয়াপাড়া বাজার রাস্তা দিয়ে মোটরসাইকেল আরোহী তিন জন মহাসড়কে উঠতেই ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ হয়।
ডোমার (নীলফামারী): ডোমারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা লতিবর রহমান (৭০) নিহত ও পুত্র আব্দুল কুদ্দুস আহত হয়েছেন। বুধবার রাতে ডোমার-নীলফামারী সড়কের হংশরাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকায় তাদের বাড়ি।
মাদারগঞ্জ (জামালপুর): বৃহস্পতিবার বিকালে জামালপুর-মাদারগঞ্জ সড়কের ভেলামারী নামক স্থানে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রিপন (২৫) নামে একজন নিহত এবং সিএনজি চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো— শাহা আলম, শহিদুল ইসলাম ও বীনা বেগম।
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে যায়। এ সময় আট শিক্ষক আহত হন। আহতদের মধ্যে তিন জন ডেলটা হেলথ কেয়ার ও সেবা হাসপাতালে চিকিত্সাধীন। বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে বাসায় ফিরে গেছেন। বৃহস্পতিবার দুপুরে হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর অরোণকোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় তিন যুবক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিকালের ঐ ঘটনায় উপস্থিত জনতা শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির এটিএসআই মতিউর রহমানের ওপর চড়াও হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এই মোড়ে প্রতিদিনের মতো চাঁদাবাজিতে লিপ্ত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে পুলিশ বলছে মোটরসাইকেল নষ্ট হওয়ায় ঐ এটিএসআই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বৈধ কাগজবিহীন মোটরসাইকেলটি পুলিশ দেখে ভয় পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
