পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০২

রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। বিস্ফোরণের পর অজ্ঞাত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর সেখানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কাজ করা কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসজেএস