জাতীয় পার্টি-জেপির সম্পাদকমণ্ডলীর বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:৫৯

জাতীয় পার্টি-জেপির সম্পাদকমণ্ডলীর এক বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্বকারী জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তির মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। একটি জাতির উন্নয়নের জন্য তিনটি জিনিস প্রয়োজন। প্রথমত, একটি গৌরবময় অতীত; যা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, দ্বিতীয়ত, ভবিষতের স্বপ্ন; যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেখিয়েছেন, তৃতীয়ত, একটি কর্মমুখর বর্তমান; যা বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে জাতি নিয়োজিত আছেন। আমরা মনে করি শোককে শক্তিতে পরিণত করে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।

বর্ধিত সভায় জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু ও এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রশিদ আহমেদ ও যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আগামীকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আগামীকাল শনিবার বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবির মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এতে সভাপতিত্ব করবেন। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এছাড়াও আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন বলে জেপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।