প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ সময়ে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জে সমস্যা হতে পারে।
এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো।
এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
