যশোরের অভয়নগরে মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) গভীর রাতে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় চলন্ত ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত ও একজন আহত হন। এর ৮ ঘণ্টা পর বুধবার সকালে নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন (২১)। তিনি উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। অপর দুজন হলেন উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস (৫০) এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)।
এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় আলামিন (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি পরিবহনের ধাক্কায় একটি ভ্যান দুর্ঘটনার শিকার হয়ে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল্লাহ আল আপন ও সঙ্গে থাকা তার বন্ধু আলামিন। পরে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আলামিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিপ্লব জানান, পৃথক দুর্ঘটনায় আহত হয়ে চারজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বন্ধু হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। রাত ১২টার পর প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আপন মারা যান। আলামিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা স্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, অন্যদিকে নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।
