ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে খু-ন হন যুবদল নেতা শাকের: পুলিশ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৭

মাগুরায় স্বর্ণ ডাকাতির ঘটনায় লুট করা স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ও স্বর্ণ ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির ৬১ ভরি সোনা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

সোনা ডাকাতির ঘটনায় গ্রেপ্তাররা হলেন- জুযেল হোসেন (৪৭) , তৌকির আহমেদ (২৫) , ফরিদ মন্ডল (৫৯) , মিল্টন (৩৫) , মারুফা আক্তার (৩২) , মারুফ হোসেন (৩২) , গোলাম জাহিদ (৪৫) , মারুফ হোসেন (৪৪) । 

হত্যা মামলায় গ্রেপ্তার ৬ আসামি হলেন- রনি শিকদার (৩৮) , শামিমা তাবাসুম (৩১) , অনিমেষ মজুমদার (৫৫) , মারুফ হোসেন (৪৪) , গোলাম জাহিদ (৪৫) , বশির আলী (৩৫) । 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন , গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে থেকে মানিকগঞ্জের মজিবর রহমান নামে এক ব্যক্তিকে ১৫০ ভরি ওজনের ১৪ স্বর্ণের বারসহ বাস থেকে নামিয়ে মাগুরার হুলিরগর নামকস্থানে একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে মারুফের নেতৃত্বে ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণের বারগুরো লুট করা হয়। এ ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন অংশ নেন। 

লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফের সঙ্গে শাকেরের বিরোধ তৈরি হয়। এরই জেরে মারুফ হোসেন ২১ অক্টোবর ভোরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে চুক্তিতে ভাড়াটিয়া খুনি দিয়ে শাকেরকে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত দুটি মামলায় মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৬১ ভরি ৬ আনা। এ ছাড়া দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। হত্যাকারীসহ এ ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত বুধবার সকাল ৬টার দিকে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাকের হোসেনকে মাগুরার পারনান্দুয়ালী পৌর বাসটার্মিনাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে তার স্ট্রোক জনিত মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হলেও পরবর্তীতে দেখা যায় তার মাথার পিছনে ছিদ্র রয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে । ঘটনার পর নিহতের স্ত্রী শারমীন নাহার বাদী হয়ে মাগুরা সদর থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলাটি দায়ের করেছেন।    

 
ইত্তেফাক/এমএসআর