আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে: রাশেদ খাঁন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২৩:০৩

পোশাক কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতা সাদিক কায়েমকে ‘গুপ্ত ছাত্রলীগ’ ও ‘সুসময়ের কৌশলী বিপ্লবী’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগে রূপ নেবে।

বুধবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আওয়ামী জামানায় নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত, বর্তমান জামায়াত নেতা সাদিক কায়েম লিখেছে, ‘বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে। তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং সরকারকে শ্রমিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শ্রমিক মারার সরকার, আর নয় দরকার।’ নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত সাদিক কায়েমের কাছে কোনো প্রমাণ আছে যে বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে? প্রমাণ থাকলে সেগুলো তুলে ধরছে না কেন? নাকি ছাত্রলীগের প্রতি তার যৌবনের প্রথম প্রেম আজও রয়ে গেছে?”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উল্লেখ করেন, প্রত্যক্ষদর্শীদের বরাতে সমস্ত গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে হামলা ও ভাঙচুরের ভিডিও করায় বিক্ষুব্ধ শ্রমিক নামধারী দুর্বৃত্তরা তৌফিককে পিটিয়ে হত্যা করেছে। এরপরও ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপি সরকারের পদত্যাগ চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েমের অতীত রাজনৈতিক অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন বলেন, “কখনো আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন শহীদ আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন করেছি, তখন এই গুপ্ত সাদিক কায়েম সাদ্দামের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে মিছিল করেছে। তাহলে বোঝেন এরা কেমন বিপ্লবী! এরা সুসময়ের কৌশলী বিপ্লবী”।

হত্যার দায় সরকারের ওপর চাপিয়ে শ্রমিক আন্দোলনের আড়ালে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে দাবি করে তিনি আরও লেখেন, হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক নামধারী আওয়ামী লীগের তাণ্ডবকে আরও বেগবান করার অপচেষ্টা চলছে। তাই বাংলাদেশপন্থী সবাইকে এই ধরনের মিথ্যা বয়ানের বিষয়ে সোচ্চার থাকতে হবে।

সরকার পোশাক শ্রমিকদের দাবি ও নতুন মজুরির বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিয়ে তাদের কাজে ফেরাতে সক্ষম হওয়ায় ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ হয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের যে পরিকল্পনা করা হয়েছিল, তা ব্যর্থ হওয়ায় অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন।


ইত্তেফাক/এমএস