খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করা যাবে না ------------------- কৃষিমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে ছিল। প্রকাশ্য দিবালোকে ১৩টি গ্রেনেড মেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ২১ আগস্টের হামলার পরিকল্পনা হয়েছে হাওয়া ভবন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের পরিচালনায়। এ রকম নৃশংস হত্যাকারীর মদতদাতা খালেদা জিয়াকে আন্দোলন করে জেল থেকে বের করা যাবে না।’

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, ৭৫-এর পরে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধ্বংস করতে গণতান্ত্রিক সমাজব্যবস্থা নষ্ট করতে ২১ আগস্টের হামলা। তারেক রহমান ও তার মা তখনকার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই পৈশাচিক হত্যাকাণ্ড চালান। মন্ত্রী বলেন, কৃষক লীগকে আরো শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। মন্ত্রণালয়ের সঙ্গে কৃষক লীগকে সম্পৃক্ত করা হবে। আব্দুর রাজ্জাক বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাক বা না থাক, দেশবিরোধী, মানবতাবিরোধী নিকৃষ্ট তারেক জিয়াদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সে জন্য প্রত্যন্ত গ্রামেও প্রধানমন্ত্রীর উন্নয়নের মূলমন্ত্র পৌঁছে দিতে হবে।’