১৫ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের বের করতে কমিশন গঠন করতে হবে -------------- নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:২৩

ইতিহাসের ঘৃণ্যতম ১৫ আগস্ট ও ২১ আগস্ট একইসূত্রে গাঁথা। হত্যাকারীদের বিচার করলেই হবে না, এর পেছনে যারা ষড়যন্ত্র করেছে তাদেরও বিচার করতে হবে। এজন্য একটি কমিশন গঠন করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গবেষণা প্রতিষ্ঠান বিবি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘১৫ ও ২১ আগস্ট একইসূত্রে গাঁথা’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিয়া পরিবার কখনোই চায়নি বাংলাদেশ একটি স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করুক। জিয়া বুঝতে পেরেছিলেন শেখ পরিবারকে ধ্বংস করতে পারলে স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের প্রতিষ্ঠিত করা যাবে। তিনি একটি স্বাধীন দেশকে বিকলাঙ্গ করতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ শেখ পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলেন। তারই সন্তান তারেক রহমান ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিলেন। আর এতে অনুমোদন দিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন সময়ের দাবি—এসব হামলা ও হত্যাকাণ্ডের পেছনের রহস্য উন্মোচন করার। তাই দ্রুত এ বিষয়ে একটি কমিশন গঠন করতে হবে। প্রতিমন্ত্রীর দাবিকে সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডের তদন্তেও এরকম কমিশন গঠন করা হয়েছে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি ও বিবি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান তপনসহ অনেকে।