পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজের পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রীর নাম ইসরাত জাহান যূথী (১৬)। সে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের মেয়ে ও সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে শুরু করেন। বিকেলে বিদ্যালয়ে খোঁজ নিলে শিক্ষকেরা জানান, সে পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে উপস্থিত হয়নি। এরপর তারা মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
ছাত্রীর বাবা জানান, গত মঙ্গলবার তার মেয়ে নিখোঁজ হওয়ার পর বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির কাছেই মেয়ের একটি জুতা পান। আজ সকালে ওই জুতা পাওয়ার স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তারা। পরে পাশের একটি জলাশয়ে মেয়ের মরদেহ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
