গুগল-ফেসবুকে ৯ হাজার কোটি টাকার বিজ্ঞাপন তিন ফোন কোম্পানির

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:২৮

দেশীয় তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি  গত কয়েক বছরে গুগল ও ফেসবুককে বিজ্ঞাপন বাবদ প্রায় ৯ হাজার কোটি টাকা দিয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বিটিআরসি। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থের পরিমাণ মাত্র ১৩৩ কোটি টাকা। হিসাবের এই অসামঞ্জস্যতার কারণ ব্যাখ্যা করতে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ অক্টোবরের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে ইন্টারনেট ভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও এনবিআরকে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। 

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মো. নাহিদুল হাসান স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি গুগল ও ফেসবুককে ১০৪ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৫৯৬ মার্কিন ডলার (৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা) দিয়েছে। এর মধ্যে গ্রামীণ ফোন দিয়েছে ৪৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬২৯ ডলার, বাংলালিংক দিয়েছে ২৮ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ ডলার এবং রবি দিয়েছে ৩২ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলার। অর্থের এই হিসাবটি সংশ্লিষ্ট ফোন কোম্পানিগুলো বিটিআরসিকে সরবরাহ করেছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

আদালতে বিটিআরসির পক্ষে প্রতিবেদন দাখিল করেন আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল হাইকোর্ট সার্চ ইঞ্জিন গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ দেয়। এছাড়া, ইন্টারনেট মাধ্যমগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি এবং বিভিন্ন প্রকার লাইসেন্স বিক্রির ফিসহ যে কোনো লেনদেনের বিপরীতে যে পরিমাণ টাকা পরিশোধ করা হয় তা থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়।