অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৬

ব্যাপক আর্থিক সংকট, ডিজিটাল ব্যাংকের পতন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। দেশটির জনপ্রিয় ডিজিটাল ব্যাংক ‘উয়েনো’ ধসে পড়ার পর পেনার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ভিডিও বার্তায় পেনা জানান, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উয়েনো ব্যাংক ধসে পড়ার কারণে প্রায় ৬৫ লাখ জনসংখ্যার দেশ প্যারাগুয়ের প্রায় অর্ধেক জনগোষ্ঠী—অর্থাৎ প্রায় ৩০ লাখ গ্রাহক তাঁদের ব্যাংক হিসাবের অর্থ ব্যবহার করার সুযোগ হারিয়েছেন। এই ব্যাংকটি সরকারের প্রায় ৮৫ কোটি ডলারের তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। ব্যাংকের আর্থিক বিপর্যয়কে কেন্দ্র করে গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদত্যাগ করেন এবং ব্যাংকটির আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিরোধী দলগুলো কংগ্রেসে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজপথে বিক্ষোভ চলছিল এবং পেনা নিজ দলের রক্ষণশীল নেতাদের একাংশের সমর্থনও হারিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে নির্বাচিত অর্থনীতিবিদ সান্তিয়াগো পেনা অতীতে ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রুপো ভাসকেজ’-এর শেয়ারহোল্ডার ছিলেন এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত তাঁর ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। আইনপ্রণেতারা ব্যাংকটির বিপর্যয়ের পেছনে পেনার স্বার্থের সংঘাত ও পেনশন তহবিলের অপব্যবহারের অভিযোগ তুললেও পেনা তা বরাবরই অস্বীকার করে একে রাজনৈতিক বিতর্ক বলে দাবি করেন। পেনার পদত্যাগ কার্যকর করতে সিনেটের অনুমোদন প্রয়োজন হওয়ায় বৃহস্পতিবার দুপুরেই কংগ্রেসের অধিবেশন বসার কথা ছিল, যেখানে পরবর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/এএম