মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ চলে গেছে ডেমোক্র্যাটদের হাতে। ফলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত এবং প্রেসিডেন্টকে অভিশংসন করার সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। তবে বিরোধীদের এমন পদক্ষেপে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট। উলটো তার হুঁশিয়ারি, কোনো যুক্তি ছাড়াই তাকে অভিশংসন করার চেষ্টা করলে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে ডেমোক্র্যাট পার্টি।
তৃতীয় বার অভিশংসনের মুখে পড়বেন ট্রাম্প?: মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে কংগ্রেসের বিভিন্ন কমিটির নিয়ন্ত্রণ, তদন্তের জন্য নথি তলব এবং সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা পাবে বিরোধীরা। ট্রাম্প পরিবারের ব্যাবসায়িক লেনদেন, অভিবাসন নীতি, জেফ্রি এপস্টেইন তদন্তে প্রশাসনের ভূমিকা এবং কর্পোরেট দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পারে তারা। ফলে আগামী দিনে হোয়াইট হাউজের উপর রাজনৈতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে প্রথম বারের শাসনামলে ২০১৯ ও ২০২১ সালে দুবার অভিশংসনের মুখে পড়েছিলেন ট্রাম্প। প্রথম বার ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। দ্বিতীয় বার, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনায় সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে অভিশংসন করা হয় তাকে। তবে দুবারই সিনেটে প্রয়োজনীয় সমর্থন না মেলায় দোষী সাব্যস্ত হননি তিনি। এবারও অভিশংসনের প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাশ হলেও প্রেসিডেন্টকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। তাই ডেমোক্র্যাটরা দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলেও ট্রাম্পের অপসারণ নিশ্চিত নয়। নতুন কংগ্রেসের কার্যকালের মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি। ফলে তার পরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধীদের সংঘাত কোন দিকে যায়, তা স্পষ্ট হবে।
ডেমোক্র্যাটদের রাজনীতি ধ্বংসের হুমকি: প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে কথা বলার সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, ডেমোক্র্যাটরা আবার কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি কি পুনরায় অভিশংসিত হওয়ার আশঙ্কা করছেন। জবাবে তিনি বলেন, ‘একটুও না’। তিনি বলেন, অভিশংসন ডেমোক্র্যাটিক পার্টিকে ধ্বংস করে দেবে এবং সেটি হবে কোনো কারণ ছাড়াই অভিশংসন। তিনি বলেন, আমাদের দেশ এখন তার ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় আরো সফল। প্রেক্ষাপট হিসেবে বলা যায়, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দুবার অভিশংসিত করেছিল, কিন্তু দুই বারই সিনেট তাকে রেহাই দেয়। এরপর তিনি দ্রুত আবার হোয়াইট হাউজের বলরুম নির্মাণ প্রকল্পের প্রসঙ্গে ফিরে যান। তিনি বলেন, বিমগুলো ওপরে উঠতে দেখুন। এখন ঝাড়বাতির কথা কল্পনা করুন, মার্বেলের মেঝের কথা কল্পনা করুন। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ভেটোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনের কাজে বাধা দেওয়া হলে তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন। -বিবিসি ও সিএনবিসি
