মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। প্রায় দুই দশক ধরে ১০ নম্বর জার্সি গায়ে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তার বিদায়ে আইকনিক ১০ জার্সিটি আপাতত কারও হাতে তুলে দিতে চাইছে না আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ। 

নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এই দুই ম্যাচে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

তবে ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। নিকো পাজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। 

এর মধ্যে ইতালির কোমোর হয়ে খেলা পাজকে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। পাজের প্রশংসা করে সতীর্থ ভালেন্তিন বারকো বলেছেন, ‘আশা করি, ১০ নম্বর জার্সিটা ও-ই পাবে। সেটা হলে আমার খুব ভালো লাগবে।’

ইত্তেফাক/জেডএইচ