এমার্জিং এশিয়া কাপ

জয়ে ফিরলো বাংলাদেশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৭

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের মাটিতে চলমান এমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয়ে ফিরলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যদিও হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়টা সহজে আসেনি।

বাংলাদেশের আট উইকেটে করা ২৮৬ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে  সাত উইকেট হারিয়ে হংকং করে ২৫৮ রান। বাংলাদেশ জিতে যায় ২৮ রানে। হংকংয়ের হয়ে ওপেনার নিজাকাত খান ৯২ ও বাবর হায়াত ৯১ রান করেন। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে এই মোসাদ্দেকের ব্যাটে ভর করেই বড় ইনিংস গড়ে টসে জেতা বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করা মিজানুর ফিরে যান ৮ রান করে। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত।

দুজনের জুটিতে ৯৪ বলে আসে ৮০ রান। শান্ত সাজঘরে ফেরেন ৩৬ রান করে। নিজের ব্যক্তিগত অর্ধশত থেকে মাত্র ১ রান দূরে থাকতে দলীয় ১০৯ রানের মাথায় আউট হয়ে যান জাকিরও।

ইনিংসের বাকি গল্পটা সাজান মোসাদ্দেক। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হলেও এ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলের সংগ্রহটা নিরাপদ অবস্থানে নিয়ে যান তিনি। চতুর্থ উইকেটে ইয়াসির আলির সাথে গড়েন ৮০ রানের জুটি। ইয়াসিরের ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।

৪৯তম ওভারে আউট হওয়ার আগে মাত্র ৮৬ বলে ৮ চার ও ৩ ছক্কার মারে ঠিক ১০০ রান করেন মোসাদ্দেক। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২০ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৭ রান। হংকংয়ের হয়ে অধিনায়ক আইজাজ খান তিনটি ও এসহান খান দু’টি উইকেট নেন। আগামীকাল করাচিতে বাংলাদেশ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।