মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২১:৪৯

মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে চার ক্যাটাগরির পদে ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য ১৬তম ও ২০তম গ্রেডে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অডিটর পদে ৭০ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬২ জন, ড্রাইভার পদে ছয়জন এবং অফিস সহায়ক পদে ২০৯ জন নিয়োগ দেওয়া হবে। জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদ ১৬তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

জুনিয়র অডিটর পদে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে অন্তত ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্যও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। এ পদে কম্পিউটার পরিচালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার পদে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক পদে আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য সিএজি কার্যালয়ের নিয়োগসংক্রান্ত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও বিস্তারিত জানা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্ত জানতে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

 
ইত্তেফাক/এসএ