রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরের অভ্যন্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে সদর দপ্তর লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সদর দপ্তরের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি প্রাঙ্গণের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
