স্পোর্টস রিপোর্টার
পাকিস্তান টেস্ট দলে ফিরলেন পেসার মোহাম্মদ আমির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরিয়ে আনা হয়েছে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও ব্যাটসম্যান শান মাসুদকেও। আরো ফিরেছেন লেগস্পিনার শাদাব খান। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের এ সিরিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী পাকিস্তান।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের পর দল থেকে বাদ পড়েন আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দলে ছিলেন না তিনি। তবে একটি সিরিজ শেষে আবারো জাতীয় দলে ফিরলেন আমির। আবুধাবি টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নামা শাহিন আফ্রিদি দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও বিবেচিত হয়েছেন। ফলে প্রোটিয়া সফরে পাঁচজন পেসার নিয়ে খেলতে যাবে পাকিস্তান। এর মধ্যে ফাহিম আশরাফ পেস বোলিং অলরাউন্ডার।
পাকিস্তান দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম উল হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ ও শাহিনশাহ আফ্রিদি।
