স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী বার্সেলোনা স্প্যানিশ লিগে ‘কাতালান ডার্বি’ খেলতে আজ রাতে মাঠে নামছে। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের মাঠে খেলতে যাবে লিওনেল মেসিরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠা লা লিগার অন্য ম্যাচে নিজেদের মাঠে দেপোর্তিভো আলাভেসকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনা গত বুধবার রাতে কোপা দেল রের খেলায় কালচারাল লিওনেসাকে ৪-১ গোলে হারিয়েছিল। কোচ আর্নেস্তো ভালভার্দের দল এস্পানিয়ল ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়ে এক দিন পরই।
এ দিকে, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড লুই সুয়ারেজ এবং মিডফিল্ডার আর্থার মেলো। জ্বরের কারণে স্প্যানিশ কাপে না খেলতে পারা আর্তুরো ভিদালও ফিরেছেন অনুশীলনে। গতকাল শুক্রবারের অনুশীলনে মূল দলের খেলোয়াড়দের সঙ্গে ছিলেন ‘বি’ দলের চারজন তরুণ খেলোয়াড়ও। ইনজুরির কারণে এই ম্যাচেও স্যামুয়েল উমতিতি এবং সার্জি রবার্তোকে পাচ্ছেন না কোচ ভালভার্দে। ফলে লিওনেসার বিপক্ষে মাঠে নামা নেলসন সেমেদো এবং ক্লেমোঁ লংলেদেরই আবারো মাঠে নামাতে বাধ্য হবেন কোচ। মাঝমাঠে এই ম্যাচ দিয়েই ফিরতে পারেন আর্থার। তার সঙ্গে দেখা যেতে পারে ভিদালকে। বিশ্রাম দেয়া হতে পারে মৌসুমের ১৮তম ম্যাচে লিওনেসার বিপক্ষে মাঠে নামা মিডফিল্ডার ইভান রাকিটিচকে। সাম্প্রতিক সময়ে দারুণ নৈপুণ্য দেখানো কার্লোস অ্যালেনইয়া এবং দেনিস সুয়ারেজরাও থাকবেন কোচের ভাবনায়। আক্রমণে অধিনায়ক মেসির সঙ্গে যোগ দিতে পারেন সদ্য চোট কাটিয়ে ফেরা সুয়ারেজ। ফেলিপে কোটিনহোর বাজে ফর্মের সুযোগ নিয়ে আক্রমণভাগের তৃতীয় ব্যক্তিটি হতে পারেন উসমান দেম্বেলে। এল ক্লাসিকোতে শেষবার লক্ষ্যভেদ করা ব্রাজিল ফরোয়ার্ড সতীর্থের গোলে সর্বশেষ অবদান রেখেছিলেন সেই সেপ্টেম্বরে।
লা লিগায় নিজেদের ১৪তম ম্যাচে একই রাতে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদও। ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় আজ তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার চারে থাকা দল দেপোর্তিভো আলাভেস।
