পরীমনির বাদ পড়া সেই অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০০:৫৫

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

তিনি বলেন, ‘ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমণির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতিমধ্যে তাকে বিষয়টি জানানো হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ অনুষ্ঠানে অনেক আর্টিস্ট আসবে। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলি আসতে পারেন। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।’

আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

এক জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে লেখেন, ‘সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।’

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগবিতণ্ডা হয়। পরীমণি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমণি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

 
ইত্তেফাক/এমএস