ওমান উপসাগরে অগ্নিকাণ্ডের শিকার একটি বাণিজ্যিক কার্গো জাহাজ থেকে ২২ জন ক্রুর সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে আমিরাতের ন্যাশনাল গার্ড এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পণ্যবাহী জাহাজটিতে আগুন লাগার সংকেত পাওয়ার পরপরই বিশেষায়িত উদ্ধারকারী দল দ্রুত এর অবস্থান শনাক্ত করে সাগরে অভিযান চালায়। পরে জাহাজে থাকা ২২ জন নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত ক্রুদের সবাই আরব নাগরিক। উদ্ধারকারী বাহিনী জানিয়েছে, তাঁরা সবাই সুস্থ রয়েছেন। তীরে আনার পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঠিক কী কারণে জাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।
এদিকে আমিরাতের এই উদ্ধার অভিযানের কিছু সময় আগেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, কৌশলগত হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, জাহাজ দুটি অনুমোদিত নৌপথের বাইরে অবস্থান করছিল এবং আন্তর্জাতিক নিয়ম অমান্য করে নিজেদের নেভিগেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল। দুটি জাহাজের একটি হরমুজের পূর্ব অংশে এবং অপরটি প্রণালির অভ্যন্তরীণ জলসীমায় মাইনে আঘাত হানে বলে জানায় তেহরান।
