রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভূপাতিতের দাবি সৌদির

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের পর এবার রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রোববার (৮ নভেম্বর) সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পর সৌদি কর্তৃপক্ষ জানায়, সেখানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা। তবে সেটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

এর প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদকে লক্ষ্য করে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। সৌদি আরবের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করা হয়েছে।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত আরও তীব্র হয়েছে।

এর আগে শনিবার সৌদি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এর পরই সৌদি আরবকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের বিদ্রোহীরা।

জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি আরব ও হুথিদের মধ্যে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এতে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন একটি ফ্রন্ট তৈরি হয়েছে।

এরপর থেকে সৌদি আরব নিয়মিত হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়েছে হুথি গোষ্ঠী।

সূত্র: আলজাজিরা

 

ইত্তেফাক/এসএ