ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ২২, আহত ৩০

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২০:০৩

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৭ নভেম্বর) সকালে শহরটির আল-সারিয়া এলাকায় এ হামলা চালানো হয়।

হুথি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ও বার্তা সংস্থা সাবা হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

সাবার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুদ্ধবিমানের হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। হামলায় আহতের সংখ্যাও বেড়ে ৩০ জনে পৌঁছেছে।

এর আগে গতকাল শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানায় হুথি বিদ্রোহীরা। তাদের অভিযোগ, বাজারটিতে সৌদি বিমান হামলা চালিয়েছে। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

হামলার শিকার বাজারটি তাইজের আল-ওয়াজিয়া শহরে অবস্থিত। এলাকাটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান জোরদার করেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। অন্যদিকে, সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারও পাল্টা অভিযান চালাচ্ছে। বর্তমানে সরকার দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। দুই পক্ষের সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তাইজ প্রদেশ।

 

 

ইত্তেফাক/এবিএস