সিলেট টেস্টের চতুর্থ দিনেও সুবিধা করতে পারছেন না বোলাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও শক্ত অবস্থানে তারা। লাঞ্চের পরই একশর ওপর লিড পেয়েছে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জশুয়া ডি সিলভা। উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করেন এই দুই ওপেনার।
এরপর জশুয়াকে আউট করে চতুর্থ দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ৩৬ রান করে সাজঘরে ফিরে যান এই ক্যারিবীয়ান ওপেনার। তবে ফিফটি তুলে নেন কিং।
এরপর দলীয় ১১৯ রানে ৮৪ বলে ৬১ রান করা কিংকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর কাভেম হজ ও কেভিন উইকহ্যাম মিলে রানের চাকা সচল রেখেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ১৩৫ রানের লিড পেয়েছে ক্যারিবীয়ানরা।
