ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। এ সময় মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত লোকজন তাদের মারধর করেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক দুজনের পরিচয়ও বিস্তারিত জানা যায়নি।
