সাফ চ্যাম্পিয়নশিপ

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২২:২৭

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। ‘এ’ গ্রুপের খেলায় আজ রাতে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র হয়। এতে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এর ফলে দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 

দুই গ্রুপে তিনটি করে দল। দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে ভুটান দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে, শ্রীলঙ্কার এক ম্যাচে এক পয়েন্ট। বাংলাদেশ ভুটানকে হারিয়ে এক ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে। পরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারলেও তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। আজ ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে ভুটান সেমিফাইনাল খেলতে পারবে। অন্যদিকে, শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: সংগৃহীত।

জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ছিল শ্রীলঙ্কা। প্রবাসী ফুটবলার আসার পর শ্রীলঙ্কার ফুটবলের চিত্র অনেকটাই বদলে গেছে। ৩০ মিনিটের মধ্যে শ্রীলঙ্কা মুর্হুমুহু আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিল। খেলার ধারার বিপরীতে ভুটান গোল পায় ৩৪ মিনিটে। ভুটানের অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন একক প্রচেষ্টায় লঙ্কান ডিফেন্ডার ও গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করে বক্সে পাস বাড়ান। ভুটানিজ ফরোয়ার্ডের শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে কিংগা ওয়াংচুক প্লেসিং শটে বল জালে জড়ান। 

ভুটানে উৎসব অবশ্য এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। কিক অফের পরপরই অলিভার জেমসের দূরপাল্লার শটে ভুটানের রক্ষণ ও গোলরক্ষক বোকা বনে যান। সমতা আসে খেলায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে সংঘবদ্ধ এক আক্রমণে ওয়াসিম রাজ্জাকের দারুণ হেডে শ্রীলঙ্কা ম্যাচে লিড নেয়। 

ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ৬৭ মিনিটে ভুটান পেনাল্টি পায়। দলের সবচেয়ে সিনিয়র ও নির্ভরযোগ্য ফুটবলার চ্যানচো গ্যালেস্টাইন পেনাল্টি শট নেন। শ্রীলঙ্কার অধিনায়ক গোলরক্ষক সুজন পেরেরা দারুণ দক্ষতায় সেভ করেন। সেই পেরেরা নয় মিনিট পর ভুল করেন। বক্সের বাইরে থেকে নেয়া এক শট পেরেরা গ্রিপ করতে পারেননি ঠিকমতো। বল যায় বক্সে থাকা ভুটানের খেলোয়াড়ের কাছে। সেখান থেকে বল পেয়ে চ্যানচো দুর্দান্ত শটে গোল করেন এতে ম্যাচে আবার সমতা আসে।

৯০ মিনিটে ভুটানের বক্সে লঙ্কান ফরোয়ার্ড ফাউলের শিকার হয়ে পেনাল্টি দাবি করলেও রেফারির দৃষ্টি পড়েনি। ইনজুরি সময়ে ভুটানের গোলরক্ষক দুর্দান্ত এক সেভ করে দলকে এক পয়েন্ট পাইয়ে দেন।

ইত্তেফাক/এমএস