ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে ২,৫০০ কোটি টাকা ঋণ ছাড় পিকেএসএফের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২৩:১৯

বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত 'কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)' কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এসব উদ্যোক্তার ৮৭ শতাংশই নারী।

রোববার (৮ নভেম্বর) পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকা পায় পিকেএসএফ।

দেশের ৬৪ জেলায় 'সোপান' কর্মসূচির আওতায় চারটি উপখাতে ঋণ বিতরণ করা হচ্ছে। এগুলো হলো প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন। এসব খাতে নতুন উদ্যোক্তা তৈরি, বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণ এবং উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অর্থায়ন করা হচ্ছে।

গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টি এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাশাপাশি কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে ৫ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল অনুমোদন করেছে। এর মধ্যে তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে। বাকি ১ হাজার ২৫০ কোটি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে। পুরো অর্থ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঋণ বিতরণের মান বজায় রাখা ও তদারকি নিশ্চিত করতে মাঠপর্যায়ে সদস্যভিত্তিক ঋণ বিতরণ এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য উন্নত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন সংগ্রহ, সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

 
ইত্তেফাক/এসজে