‘সাফ চায় বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০

সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কা ফুটবল দলের কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বাংলাদেশকে টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। মুতাইরির অভিযোগ, সাফে আয়োজক দেশ ও ভারতের পক্ষে সুবিধা দেওয়ার প্রবণতা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। এই ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি কথা বলেছেন লঙ্কানদের কোচ মুতাইরি। ভুটানের বিপক্ষে ম্যাচে একাধিক সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গেছে বলে দাবি তার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুতাইরি বলেন, ‘আমার মতে, আজ ভুটানই ভালো খেলেছে। তারা আমাদের বক্সে সাতবার ঢুকেছে। চোট পাওয়া কয়েকজন খেলোয়াড় নিয়েও আমরা ৯০ মিনিট পর্যন্ত লড়াই করেছি। দলের পারফরম্যান্সে আমি খুব গর্বিত। কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’ 

এরপরই বাংলাদেশকে টেনে লঙ্কানদের কোচ আরও বলেন, ‘ভুটানের বিপক্ষেই যদি এত রেফারিং ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? সাফের কাছে এটাই আমার প্রশ্ন।’ 

ভুটানের পাওয়া এই পেনাল্টি আটকে দিয়েছেন শ্রীলঙ্কা গোলরক্ষক সুজন পেরেরা

পেনাল্টি ও অফসাইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মুতাইরি। তার দাবি, শ্রীলঙ্কার অন্তত একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘সুজন একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মনে হয়েছে, সেটি পেনাল্টিই ছিল না। আবার আমাদেরও একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল; কিন্তু দেওয়া হয়নি। গ্রুপ পর্বে ভিএআর থাকলে আমার বিশ্বাস, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড হিসেবে বাতিল হতো।’

বাণিজ্যিক স্বার্থে সাফ বাংলাদেশ-ভারতকে ফাইনালে খেলাতে চায় উল্লেখ করে মুতাইরি বলেন, ‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।’

ইত্তেফাক/জেডএইচ