কঠিন সমীকরণে শেখ জামাল-শেখ রাসেল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

স্বাধীনতা কাপ ফুটবলের ‘ডেথ গ্রুপে’ বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র। তার মধ্যে বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে শেখ জামাল এবং শেখ রাসেল।

শেখ জামালের শুরুটা হয়েছিল হার দিয়ে। বসুন্ধরা কিংসের কাছে ২-০ গোলে হেরে পেছনে পড়ে যায় দলটি। আজ গ্রুপ পর্বে শেখ রাসেলকে টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে শেখ জামালকে জিততে হবে। শেখ জামাল তাই মরিয়া, কোনোভাবেই ম্যাচ হাতছাড়া করা যাবে না। দলের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি খুব সিরিয়াস। এরই মধ্যে প্রথম খেলায় হেরে ক্লাব কর্তাদের কাছে কথা শুনতে হয়েছে। তার মধ্যে শেখ রাসেলের বিপক্ষে ড্র হলেও শেখ জামালের বিদায় হয়ে যাবে। পরিস্থিতি বিবেচনায় গাম্বিয়ান ফুটবলার সলোমন কিং, আর্জেন্টাইন লুসিয়ানো, কিরগিজ ফুটবলার ডেভিড ব্রুসদের আরো দায়িত্ব নিয়ে খেলার নির্দেশ বলা হয়েছে। গোলকিপার নাইম, ডিফেন্ডার আলাউদ্দিন, আক্রমনে ওমর ফারুক বাবু, শাখাওয়াত হোসেন রনিরা উজাড় করে খেলার নির্দেশ পেয়েছেন । গ্রুপের শেষ খেলা বলে শেখ জামাল ফাইনাল মনে করেই মাঠে নামতে যাচ্ছে। কারণ শেখ রাসেল এরই মধ্যে ১ পয়েন্ট পেয়ে তাদের চেয়ে একটু এগিয়ে রয়েছে।

শেখ রাসেল গোলশূন্য ড্র করেছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে। এই একটি ড্রয়ে তারা সুবিধাজনক অবস্থায়। শেখ রাসেল যদি খেলাটিতে নাও জেতে, শুধু ড্র করে তাইলে কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারে।

ফেডারেশন কাপ ফুটবলে শেখ জামাল এবং শেখ শেখ রাসেল সেমিফাইনাল হতে বিদায় নিয়েছিল।

বিকালের উত্তাপ শেষ না হতেই আজ সন্ধ্যায় আবাহনী ও ব্রাদার্সের খেলা রয়েছে। টুর্নামেন্টে আবাহনী ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে এগিয়ে ছিল। নিজেদের গ্রুপের খেলায় মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ১-১ গোলে ড্র করার কারণে আবাহনী শেষ আটে উঠে যায়। আজ আবাহনীর বিপক্ষে ব্রাদার্স জিতলে কোয়ার্টার ফাইনালে উঠবে। না জিতলে নির্ভর করবে গোল গড়ের হিসাবের উপর। মুক্তিযোদ্ধা ২ গোল দিয়ে ১ গোল হজম করেছে। ব্রাদার্স একটি করে গোল দিয়ে ও হজম করে সমান সমান অবস্থায় রয়েছে। গোলের হিসাবে এগিয়ে মুক্তিযোদ্ধা।

ব্রাদার্সকে অনেক হিসাব করে আবাহনীর বিপক্ষে লড়াই করতে হবে। নতুবা ফেডারেশন কাপ ফুটবলের মত গ্রুপ থেকেই বিদায় নিতে হতে পারে, হিসাবটা মাথায় রেখে ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাইমুদ্দিন প্রস্তুতি নিচ্ছেন। আর আবাহনীর দায়িত্ব নেয়া নতুন কোচ পর্তুগিজ সামারিও লেমস প্রথম দিন দায়িত্ব নিয়ে জয় পেয়েছেন। তিনিও আজ জয় নিয়ে মাঠ ছাড়তে চান।     

আজকের খেলা ঃ

শেখ জামাল ও শেখ রাসেল, ৩টা। আবাহনী ও ব্রাদার্স ৫টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।