দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৩ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে।
