খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের বিকট শব্দ ও বজ্রপাতে সৃষ্ট আগুনের ফুলকিতে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষকসহ মোট ১৮ জন অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো- তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত, সিয়াম, আরজু, নাঈম ও রিমি, চতুর্থ শ্রেণির সালমা, ফারহানা, সুমাইয়া, ফাহিমা, ফারজানা, নাদিয়া, উক্রাসিং, সুরাইয়া, সালমা, সানজিদা, আব্দুর রহিম ও ফারহানা। এছাড়া শাহনা আফরোজ লায়লা নামে এক শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিকট শব্দে হঠাৎ বজ্রপাত হয়। স্কুল আঙ্গিনার একটি গাছের ওপর বজ্রপাতের কারণে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্কুলের টিনসেড ভবনে পাশাপাশি দুটি শ্রেণি কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ ও আগুনের ফুলকির তাপে ক্লাসের ছাত্র-ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এসময় দুই ক্লাসের ১৭ ছাত্র-ছাত্রী আহত হয়। চতুর্থ শ্রেণির ক্লাসে পাঠদানরত শিক্ষিকা শাহনা আফরোজ লায়লাও অসুস্থ হয়ে পড়েন।
প্রধান শিক্ষক নিলুফা আরও জানান, ঘটনার পর পরই অসুস্থ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অন্তু বড়ুয়া জানান, শিক্ষার্থীদের কারও অবস্থা গুরুতর নয়। বিকট শব্দে তারা অসুস্থ হয়ে পড়েছিল। জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, বজ্রপাতে স্কুলের ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তাদের দেখতে হাসপাতালে ছুটে যান।
পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসায় সংগঠন থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
