তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগে বেঁচে থাকা স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা।
১৯৮৯ সালে ইয়াকাকোয় গ্রামের কাছে ফসিলটি আবিষ্কৃত হয়। এটি বুরদুর প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষিত আছে। ফসিলটি হোমোথেরিয়াম লাতিডেনস প্রজাতির, যা বৃহদাকার শিকারি বিড়ালের একটি বিলুপ্ত প্রজাতি। বুরদুর মেহমেত আকিফ এরসয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আলপার ইয়েনের ইয়াভুজের নেতৃত্বে একটি গবেষক দল ২০২৩ সালে ফসিলটি পরীক্ষা শুরু করে।
ইয়াভুজ বলেন ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক এক বিশ্লেষণে দেখা গেছে, নমুনাটির চোয়াল মোটামুটি অক্ষত। আধুনিক তুরস্কের এশীয় অংশ আনাতোলিয়ায় শনাক্ত হওয়া স্যাবার-টুথড বিড়ালের ফসিলগুলোর মধ্যে এটি সবচেয়ে সম্পূর্ণ। ভূতাত্ত্বিক ও প্রাণিকুলভিত্তিক কালনির্ণয় পদ্ধতিতে গবেষকেরা ফসিলটির বয়স প্রায় ২৫ লাখ বছর নির্ধারণ করেছেন। ইয়াভুজ জানান, প্রাণীটির কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় ১ দশমিক ২ মিটার (৪ ফুট)। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল প্রায় ২ মিটার (৬ দশমিক ৬ ফুট)। ফলে এটি আধুনিক সিংহের চেয়ে কিছুটা ছোট, তবে জাগুয়ারের চেয়ে বড় ছিল।
তিনি ব্যাখ্যা করেন, ওত পেতে থাকা শিকারিদের মতো নয়, এই প্রজাতি শিকারকে তাড়া করার উপযোগী ছিল। এর নাসারন্ধ্র তুলনামূলক প্রশস্ত ছিল, ফলে দৌড়ানোর সময় বেশি কার্যকরভাবে অক্সিজেন নিতে পারত। ইয়াভুজ বলেন, আমাদের গবেষণাসহ তুরস্কে এ পর্যন্ত এ ধরনের মাত্র চারটি নমুনা পরিচিত। গবেষকেরা এখন এ অঞ্চলের প্রাগৈতিহাসিক অতীতের আরো প্রমাণ খুঁজে পেতে বুরদুর ও পার্শ্ববর্তী ইসপার্তা প্রদেশে আরো মাঠপর্যায়ের জরিপ চালানোর পরিকল্পনা করছেন।
