নিরাপত্তা ঝুঁকি ও জরুরি পরিস্থিতিতে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোতে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি রেখেছে মার্কিন প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সতর্কতার তালিকায় থাকা ছয়টি দেশ হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। দেশগুলোতে এখনো সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ কার্যকর রয়েছে। এর অর্থ, কোনো পরিস্থিতিতেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশগুলোতে নিরাপত্তা পরিস্থিতি বিপজ্জনক। তাই কোনো কারণেই সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বিশ্বের মোট ২৩টি দেশকে বর্তমানে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
