তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে পশ্চিম তুরস্কের ইজমির শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
ইজমিরের গভর্নর জানিয়েছেন, কারখানাটির একটি বয়লার পরিবর্তনের কাজ চলার সময় ওপরের একটি ক্রেন বড় শিল্প চুল্লির ওপর পড়ে যায়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ইজমিরের মেয়র সেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর পর হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে।
প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার জানান, বিস্ফোরণের শব্দ ভূমিকম্পের মতো মনে হয়েছিল। তিনি বলেন, ‘রাস্তার ওপাশে কারখানাটির দিকে তাকিয়ে দেখি, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। চিমনির কাছে আগুন জ্বলছিল।’
এদিকে কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলো। তুরস্কের লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, গত ১০ বছরে ওই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। কারখানাটিতে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ও নিরাপত্তার মান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছে তারা।
এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন পক্ষ শোক জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
