রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার (৮ নভেম্বর) আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার খিলক্ষেত থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।
পুলিশের দাবি, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে এলাকায় বিভিন্ন ব্যক্তির জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে গেলেও তার বিরুদ্ধে ভূমি দখলের বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানিয়েছে, খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টন থানাসহ বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, আব্দুল ওয়াহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লেক সিটি ইউনিটের সাধারণ সম্পাদক।
দীর্ঘদিন আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল ওয়াহিদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
