বয়স বাড়ার সঙ্গে বদলেছে দৃষ্টিভঙ্গি, চেহারায় অস্ত্রোপচার নিয়ে কারিনার স্পষ্ট মন্তব্য

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৪:৩০

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় তার ছাপ পড়বে এটাই স্বাভাবিক। তবে তারকাদের ক্ষেত্রে বয়সের ছাপ যেন দৃশ্যমান না হয়, এমন প্রত্যাশা বরাবরই বেশি। তবে এই প্রবণতার সঙ্গে একমত নন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

বয়স লুকানোর প্রতিযোগিতায় না নেমে শরীর ও মনের সুস্থতাকেই নিজের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বোটক্স ও প্রসাধনী অস্ত্রোপচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’র এক আলাপচারিতায় কারিনাকে বোটক্স ও কসমেটিক প্রসিডিউর নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, ‘আমি বোটক্সের ঘোর বিরোধী। আমি নিজের যত্ন নেওয়ার পক্ষে, তবে সেটি হতে হবে স্বাস্থ্যকর উপায়ে। সুস্থ থাকা এবং প্রাকৃতিক পদ্ধতিতে নিজের যত্ন নেওয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ 

কারিনার কাছে নিজের যত্ন নেওয়া মানে শুধু ত্বকের পরিচর্যা কিংবা শরীরের সৌন্দর্য ধরে রাখা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানসিক প্রশান্তি, নিজের প্রতিভাকে বিকশিত করা এবং কাজের বাইরেও একটি পরিপূর্ণ জীবন উপভোগ করা। তাঁর মতে, সুস্থ শরীর ও মন ধরে রাখার গুরুত্ব ইনজেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে তারুণ্য ধরে রাখার চেয়ে অনেক বেশি। 

সৌন্দর্যচর্চা নিয়ে কারিনার এই অবস্থানের পেছনে রয়েছে বয়সকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা। 

তার মতে, বয়স বাড়ার সঙ্গে মানুষের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলায়। সেই পরিবর্তনকে অস্বীকার করার প্রয়োজন নেই, বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ রয়েছে। বিশেষ করে অভিনয়শিল্পীদের ক্ষেত্রে বয়স কখনও কখনও নতুন ধরনের চরিত্র ও অভিজ্ঞতার দরজা খুলে দেয়। তাই শুধু চেহারার তারুণ্য ধরে রাখার চেষ্টায় ব্যস্ত না থেকে নিজের কাজ ও ব্যক্তিত্বের বিকাশে মনোযোগী হওয়াকে গুরুত্ব দেন তিনি। 

সেই কথোপকথনে তরুণীদের বয়স নিয়ে বাড়তি উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন কারিনা। কারিনা মনে করেন, অনেক তরুণীই যেন ১৮ কিংবা ২০ বছরের বেশি বয়সী দেখাতে চান না। বিষয়টিকে উদ্বেগজনক মনে করেন তিনি।

নিজের বয়সের প্রসঙ্গ টেনে কারিনা বলেন, চল্লিশের ঘরে তার জীবনের সবচেয়ে উপভোগ্য সময়। এই সময়ে এসে নিজেকে আগের চেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে আরও পরিণত মনে হচ্ছে তার। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে, বেড়েছে আত্মবিশ্বাসও।

৪৬ বছর বয়সী কারিনা কাপুরের অভিনয়জীবন প্রায় আড়াই দশকের। ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘বজরঙ্গি ভাইজান’সহ নানা ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের ধরন ও চরিত্র নির্বাচনে পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। 

ইত্তেফাক/পিএস