কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশেরপাড় এলাকায় ১৯ বছর ৭ মাস আগের একটি ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আট আসামিকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য সাতজনকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২ এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, আবাদ মিয়া এবং আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য সাত আসামি হলেন রফিকুল ইসলাম, মনির হোসেন, আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, তাজুল ইসলাম, মজিবুর রহমান ও আবদুর রহিম।
রায় ঘোষণাকালে আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত কামাল হোসেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড় এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল মো. হারুন মজুমদারের বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়।
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের আলোচিত ডাকাতি মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
