এল নিনোর প্রভাবে খাদ্যসংকটের আশঙ্কা, বাড়ছে বৈশ্বিক উষ্ণতা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:২৬

শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার স্বাভাবিক ধরন ব্যাহত হচ্ছে। কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও খরা দেখা দেওয়ায় কৃষি উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া এবং খাদ্যনিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ২০২৬ সাল রেকর্ড করা দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার পথেও রয়েছে। 

শুক্রবার (১০ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, অক্টোবর মাসেও বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতা অব্যাহত ছিল। ওই মাসে ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সাল বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হতে পারে। তবে ২০২৪ সালের সমান বা তার চেয়ে বেশি উষ্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে ২০ শতাংশ।

ইউরোপীয় মাঝারি মেয়াদি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ইসিএমডব্লিউএফের জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, ‘মানব কর্মকাণ্ডের কারণে আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা জলবায়ুতে অত্যন্ত শক্তিশালী এল নিনো আরও তাপ যোগ করছে।’ এএফপির বিশ্লেষণে দেখা গেছে, শুধু অক্টোবরেই বিশ্বের ৩৩টি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।

এল নিনো প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরনে পরিবর্তন আসে। কোথাও দীর্ঘস্থায়ী খরা দেখা দেয়, আবার কোথাও অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাবে ২০২৭ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছরও হয়ে উঠতে পারে।

লাতিন আমেরিকায় বন্যার ঝুঁকি
এল নিনোর প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় পেরুর বিস্তীর্ণ এলাকায় ‘‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি সামাল দিতে বলিভিয়াও জাতীয় জরুরি অবস্থা জারি করে।

পেরুর উত্তরাঞ্চলের তুম্বেস ও পিউরা অঞ্চলের বিভিন্ন এলাকা ইতিমধ্যে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষের আশঙ্কা, ৯০ লাখের বেশি মানুষ বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

মাঠে এক কৃষক তার ধানক্ষেতের কাছে সার প্রস্তুত করছেন

এশিয়ায় বিদ্যুৎ ও কৃষি খাতে উদ্বেগ
এল নিনোর প্রভাবে এশিয়ার কয়েকটি অঞ্চলে খরা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে জলাধারে পানির পরিমাণ কমে গেলে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। শ্রীলঙ্কায় অবশ্য সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে জলবিদ্যুৎকেন্দ্রগুলোর জলাধারে পানির মজুত বেড়েছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে।

তবে দেশটির কর্মকর্তারা সতর্ক করেছেন, ২০২৭ সালের প্রথমার্ধে তীব্র খরা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক ব্যয়বহুল ও পরিবেশদূষণকারী তাপবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াতে হবে। বর্তমানে শ্রীলঙ্কার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ হয়। এর মধ্যে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ প্রধান। বাকি চাহিদা মেটানো হয় কয়লা ও ডিজেল দিয়ে।

অন্যদিকে এল নিনোর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ফিলিপাইন ৯৮ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে। কৃষি খাতে জলবায়ুজনিত ঝুঁকি কমাতে ‘এল নিনো মোকাবিলা পরিকল্পনা’র আওতায় এই অর্থ ব্যয় করা হবে। দেশটির জিডিপির প্রায় ৮ শতাংশ আসে কৃষি খাত থেকে। এ খাতে কর্মরত রয়েছেন প্রতি চারজন মানুষের একজন।

ফিলিপাইনের কৃষি বিভাগ জানিয়েছে, এল নিনোর প্রভাব এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধির সম্মিলিত প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটির ধান উৎপাদন আগের তুলনায় ১৮ শতাংশ কমেছে। দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগও বুধবার জানিয়েছে, নভেম্বরে স্বাভাবিকের তুলনায় কম থেকে অনেক কম বৃষ্টিপাত হতে পারে।

আগস্ট মাসের তীব্র গরমের সময় এক পাল গরু শীতল হওয়ার চেষ্টায়

খাদ্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধির শঙ্কা
বিশেষজ্ঞদের মতে, এল নিনোর কারণে অতিবৃষ্টি ও খরা—দুই পরিস্থিতিই কৃষি উৎপাদনের জন্য ক্ষতিকর। বন্যায় ফসলের মাঠ ও সংরক্ষিত খাদ্যশস্য নষ্ট হতে পারে। পাশাপাশি পরিবহনব্যবস্থা ও পণ্য সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বাজারে খাদ্যপণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অন্যদিকে খরার কারণে ফসলের উৎপাদন এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত শস্যের ফলন কমে যেতে পারে। এসব পরিস্থিতি শেষ পর্যন্ত খাদ্যপণ্যের সরবরাহ সংকুচিত করে দাম বাড়িয়ে দিতে পারে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ফসল ঘরে তোলার আগেই এল নিনোর প্রভাব বাজারে পড়তে পারে। তিনি বলেন, ‘ভবিষ্যতে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকেই বাজারে প্রতিক্রিয়া তৈরি হয়। অনিশ্চয়তা নিজেই বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।’

এবার এল নিনোর প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে ইরান যুদ্ধের অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় বাড়ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও এর প্রভাব পড়ছে।

তোরেরো সতর্ক করে বলেন, ‘অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য খাদ্যপণ্যের দাম সামান্য বাড়লেও তার পরিণতি হতে পারে গুরুতর। দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের বড় একটি অংশ খাবারের পেছনে ব্যয় করে। ফলে খাদ্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেলে সামর্থ সীমিত হওয়ায় তারা তা সামাল দিতে সক্ষম হয় না।’

এদিকে এল নিনোর প্রভাবে খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা ২২টি দেশে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার জন্য গত সেপ্টেম্বরে ২০ কোটি ২০ লাখ ডলার সহায়তা চেয়েছিল এফএও। তবে এখন পর্যন্ত সংস্থাটি চাহিদার মাত্র এক-পঞ্চমাংশ অর্থ পেয়েছে।

জলবায়ুর আরও একটি অস্বাভাবিকতা
এল নিনোর পাশাপাশি উত্তর গোলার্ধের আবহাওয়ায় মেরু ঘূর্ণিবায়ুর (পোলার ভর্টেক্স) অস্বাভাবিক আচরণ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক সময়ের অনেক আগেই এবার এই ঘূর্ণিবায়ুর অবস্থায় নজিরবিহীন বিঘ্ন ঘটছে। এতে তীব্র শৈত্যপ্রবাহের ঝুঁকি বাড়তে পারে। ১৯৫০-এর দশকে এ ধরনের তথ্য সংরক্ষণ শুরুর পর নভেম্বর মাসে মেরু ঘূর্ণিবায়ুর স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটার ঘটনা এবার নিয়ে তৃতীয়বার। এর সঙ্গে এল নিনোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও সম্ভাবনা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

ইত্তেফাক/এসজেএস